বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

362

ঢাকা সংবাদদাতা: পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশন করছে এক স্কুলছাত্রী।

অভিযুক্ত প্রেমিক ধ্রুব দাশ উপজেলার শাঁখারিকাঠী গ্রামের দুলাল চন্দ্র দাশের পুত্র। বিয়ের দাবিতে অনশন করে অবস্থান নেয়া ওই স্কুলছাত্রী উপজেলার একই ইউনিয়নের গীলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা গেছে, ওই স্কুলছাত্রীকে প্রেমিকের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ঘটনাটি ধামা চাপা দিতে স্থানীয় শৈলেন্দ্র নাথ সমদ্দার সহ প্রভাবশালীরা উঠে পড়ে লেগেছে।

ওই স্কুল ছাত্রী জানায়, গত সোমবার বিকালে সে বিয়ের দাবীতে ওই বাড়িতে অবস্থান নিয়েছে। সে ওই বাড়িতে অবস্থান নেয়ার পর মঙ্গলবার সকালে প্রেমিক ধ্রুব বাড়ি থেকে পালিয়ে যায়। ধ্রুবর বাবা দুলাল দাশ স্কুলছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে গেছে। তার মা কনা দাশকে স্থানীয়দের দিয়ে হুমকি ধামকি দিচ্ছে।

ওই স্কুলছাত্রী আরো জানায়, গত ৫ মাস আগে প্রেমিক ধ্রুব দাশের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। পরে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে। কিন্তু বিয়ের কথা বললে গত মাস খানেক ধরে ধ্রুব তাকে এড়িয়ে চলে।

এ ব্যাপারে অভিযুক্ত ধ্রুব দাশের সাথে কথা বলতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

থানা পুলিশে অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মেয়ে পক্ষ চাইলে মামলা নেয়া হবে।