খেলাধুলা ডেস্ক: আফগানিস্তানের দেয়া রেকর্ড ৩৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬/৬ তোলে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় সেশনের খেলা ১টা ৪০-এর বদলে শুরু সোয়া দুইটায় শুরু। আর শুরুতেই উইকেট খোয়ায় বাংলাদেশ। সাদমান ইসলামের সঙ্গে ওপেন করা লিটন দাস আউট ৯ রানে। এরপর দলীয় ৫২ রানে মোসাদ্দেক হোসেন সৈকতকেও (১২) ফেরান জহির খান। দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন মুশফিকুর রহীম। চার বাউন্ডারিতে ২৩ রান করার পর রশিদ খানের বলে এলবির ফাঁদে পড়লেন তিনি। দলীয় ৮২ রানে মুমিমুনল হককেও (৩) এলবির ফাঁদে ফেলেন রশিদ। এরপর দলীয় ১০৬ রানে সাদামান (৪১) ও ১২৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ (৭)। এরপর বৃষ্টির কারণে একটু আগেভাগেই শেষ হয়ে যায় চতুর্থ দিনের খেলা। সাকিব ৩৯ ও সৌম্য সরকার শূন্য রানে অপরাজিত আছেন। পরাজয় এড়াতে আগামীকাল পঞ্চম দিনেও বৃষ্টির সহযোগিতা প্রয়োজন বাংলাদেশের। বৃষ্টিই এখন বাঁচাতে পারে সাকিবদের।
আগেরদিনের ২৩৭ রানের সঙ্গে আরও ২৩ রান যোগ করে আজ সকালের সেশনে অলআউট হয় আফগানিস্তান। প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড থাকায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৮ রানের।
আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ হয়েছিল ২০ মিনিট বাকি থাকতে। আজ চতুর্থ দিনে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সকালে ৯.৪০ মিনিটের বদলে খেলা শুরু হয় ১টা ৫০ মিনিটে। প্রথম সেশনের ৭০ মিনিট খেলা হয়েছে স্বাভাবিকভাবেই। কিন্তু দুপুর ১টায় মধ্যাহ্ন বিরতি দিতেই ফের শুরু গুড়ি বৃষ্টি। যে কারণে আবারও হারিয়ে যায় ত্রিশ মিনিট। ২টা ১০ মিনিটে মাঠে নামতে পারেন দুই দলের খেলোয়াড়রা।















