যুক্তরাজ্যের থেকে স্বাধীন হতে দ্বিতীয় গণভোটের দাবি জানালেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

2839

ওয়ানবাংলানিউজ: ওয়েস্টমিনিস্টারের কাছে হলিরুডকে দ্বিতীয় গণভোট আয়োজন করার ক্ষমতা দেয়ার দাবি জানিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজোন। এই বছরের শেষ নাগাদই গণভোট আয়োজনের বিল পাশ করতে চাইছেন স্টারজোন। তিনি বলেন, ২০২০ সালের দ্বিতীয়ার্ধে এই গণভোট আয়োজন করা হতে পারে। বিবিসি, ডেইলি মেইল

বুধবার স্কটিশ পার্লামেন্টে এমএসপিদের স্টারজোন বলেন, এখন দেখা যাচ্ছে ব্রিটেনে আগাম সাধারণ নির্বাচন হবে। স্কটল্যান্ড অবশ্যই ব্রেক্সিটের বিরোধীতা করবে এবং স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করবে। স্টারজোন জানান, ‘আইনী চ্যালেঞ্জ মোকাবেলা করে গণভোটের আয়োজনের ক্ষমতার জন্য একটি চুক্তি করতে চাইছেন তিনি। তার সরকার এক বছর ধরে এই গণভোটের পরিকল্পনা করবে। অবশ্যই একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক রায় হবে।’ এই সময় ৩১ অক্টোবর চুক্তিবিহীন ব্রেক্সিটের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘এই ধ্বংসাত্মক ঝুঁকি সম্পর্কে আগাম পরিকল্পনাই আমাদের প্রথম প্রাধান্য। ওয়েস্টমিনিস্টারের সিদ্ধান্তের কারণে আমরা নিজেদের প্রভাবিত করবো না। আমরা অবশ্যই আমাদের দেশের ভবিষ্যতের সুরক্ষা চাইবো। আর নিজেদের সেরাটির জন্য স্কটল্যান্ড স্বাধীন দেশের দাবি রাখে।’

এদিকে স্কটল্যান্ডে কনজারভেটিভ দলের অন্তবর্তীকালীন নেতা জ্যাকসন কার্লো বলেছেন, ‘স্কটল্যান্ডের জনগণ অনেক দেখেছে। তারা এখন স্টারজোনের এই বুলির শেষ দেখতে চায়।’ ইউকেপন্থী ক্যাম্পেইনার পামেলা নাশ বলেন, ‘আরেক গণভোট দায়িত্বজ্ঞানহীন ও অপরিণামদর্শী হুমকি বয়ে আনবে।’ এর আগে ২০১৪ সালের গণভোটে স্বাধীনতার পক্ষে ৪৫ শতাংশ রায় দেয় স্কটিশ, যুক্তরাজ্যের পক্ষে রায় দিয়েছে ৫৫ শতাংশ।