প্রেস ক্লাবে নিষিদ্ধ করা হল পাকিস্তানি সেই রেলমন্ত্রীকে

305

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদকে ইসলামাবাদ জাতীয় প্রেস ক্লাবে ঢুকতে দেয়া ও সংবাদ কাভারেজ করা হবে না বলে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে তার বিরুদ্ধে এ সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

ক্যানসারে চিকিৎসাধীন সাংবাদিককে অপমানজনক মন্তব্য করায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে। এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

এ ছাড়াও ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে যখন ইসলামাবাদ ও দিল্লির মধ্যে উত্তেজনা চলছে তখন দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের উসকানি দিয়ে আলোচনায় এসেছেন তিনি। পাক-ভারত নিয়ে নানা মন্তব্য করে তিনি সংবাদের শিরোনাম হয়েছেন।

প্রেস ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো হাসপাতালে ক্যানসারের চিকিৎসারত জিও টিভি ভিডিও সাংবাদিক নাসিরের সঙ্গে এনপিসির সভাপতি শাকিল কারারের সাক্ষাৎ হওয়ার পরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নাসির এনপিসির সভাপতি শাকিল কারারকে জানায়, সম্প্রতি রেলমন্ত্রী রশিদ হাসপাতাল সফরে যান। সেখানে থাকা একজন স্থানীয় সাংবাদিক নাসিরের অসুস্থের বিষয়টি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এ সময় রেলমন্ত্রী অপমানজনক বাক্য ব্যবহার করেন। এ বিষয়টি নাসিরের অনভূতিতে গভীরভাবে আঘাত করে।

ওই বিবৃতিতে বলা হয়, এরপরে সিদ্ধান্ত নেয়া হয় রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে তাকে কোনো কাভারেজ দেয়া হবে না। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাব ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি ক্যাম্প অফিসে এক সপ্তাহের জন্য ঢোকা নিষিদ্ধ করা হয়েছে এ মন্ত্রীকে।

যে ভিডিও সাংবাদিক জীবনের সঙ্গে যুদ্ধ করছে তাকে নিয়ে মন্ত্রীর এমন মন্তব্যে নিন্দা জানিয়েছে ইসলামাবাদদের জাতীয় প্রেস ক্লাব। সাংবাদিক, ভিডিও এবং ফটোসাংবাদিকদের অনুরোধ করা হয়েছে রশিদকে যেন সাতদিনের জন্য দেশের সব প্রেস ক্লাব নিষিদ্ধের বিষয়টি পালন করা হয়।