পিস্তল পরিষ্কারের সময় নিজের মাথায় গুলি; পুলিশের এএসআই’র আত্মহত্যা

1254

ঢাকা সংবাদদাতা: কুড়িগ্রামে কর্মরত সে‌লিম জাহা‌ঙ্গির (৩৫) নামে পুলিশের এক এএসআই সার্ভিস পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর থানাধীন হাটিরপাড় এলাকায় সে‌লিম জাহা‌ঙ্গিরের নিজ বাসায় এ ঘটনা ঘটে বলে সদর থানার এএসআই কামরুজ্জামান নিশ্চিত করেছেন।
নিহত সে‌লিম জাহা‌ঙ্গির সদর থানার সদর ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের ফুলবাড়ি এলাকার আবুল কালাম আজাদের একমাত্র সন্তান। তিনি ২০০৭ সালে এএসআই হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এএসআই কামরুজ্জামান জানান, আজ দুপুরে জাহা‌ঙ্গির বাসায় বসে পিস্তল পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। জাহা‌ঙ্গিরের আট বছর বয়সী ছেলে ছাড়াও এ সময় বাসায় ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবা ও মা। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

কুড়িগ্রামের পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।