কাশ্মীরে বিজেপির উৎসব ঘোষণা

891

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর নিয়ে স্বপ্ন পূরণ হয়েছে বিজেপির। তাই এবার কাশ্মীরজুড়ে ‘জশন-ই-আজাদি’ দিবস পালন করার সিদ্ধান্ত নিল বিজেপি।

আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনেই কাশ্মীরের আনাচে-কানাচে এ দিবস পালন করার কথা বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

বিজেপির মতে, ৩৭০ ধারা অবলুপ্তির পর প্রকৃত অর্থে স্বাধীনতা পেয়েছে। গোটা দেশের মানুষের সঙ্গে খুশি উপত্যকার বাসিন্দারাও। তাই দলের কৃতিত্বকে জনসমুক্ষে আরও প্রচার করতে এ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
এ প্রসঙ্গে বিজেপির কাশ্মীর রাজ্যের সভাপতি রবীন্দ্র রায়না জানান, আগামী ১৫ আগস্ট গোটা উপত্যকায় দলের পক্ষ থেকে ‘জশন-ই-আজাদি’ পালন করা হবে। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন গ্রাম প্রধানদের কাছে এই উদযাপনের বার্তা পৌঁছেও দেয়া হয়েছে।

বিজেপির কথায়, ৩৭০ অনুচ্ছেদের মাধ্যমে কাশ্মীরকে বদ্ধভূমি করে রাখা হয়েছিল। এখন অবস্থার বদল হবে। দেশের মূল ভূখণ্ডের মানুষের মতোই সেখানকার বাসিন্দারা সুযোগ-সুবিধা পাবেন। খুশি উপত্যকার বাসিন্দারা। দাবি পদ্ম শিবিরের। এই পরিস্থিতিতে তাই দলীয় কৃতিত্বের বিষয়টিকে এই উদযাপনের মাধ্যমে তুলে ধরতে চাইছে বিজেপি।

দলের রাজ্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অশোক কৌল মনে করেন জম্মু-কাশ্মীরের প্রতিটা জেলা, মহল্লা ও পঞ্চায়েতে বিজেপির তরফে ‘জশন-ই-আজাদি’ পালন করা হবে। দল মনে করছে এতে সেখানকার মানুষের পাশে থাকার যেমন বার্তা দেয়া যাবে, তেমনই বিরোধীদেরও অনেক জবাব দেয়া সম্ভব।

জম্মু-কাশ্মীরের বিজেপি সাধারণ সম্পাদক অশোক কৌল বলেন, ‘সংবিধানের ৩৭০ ধারা বিলোপ হওয়ায় এখানকার মানুষ সমধিকার পেল। সরকারের নানা প্রকল্পের সুবিধা এবার তারা ভোগ করবে। তাই রাজ্যের সব বাসিন্দার উদযাপনে সামিল হওয়া প্রয়োজন।’ রাজ্যের প্রত্যন্ত এলাকাতে শান্তি বজায় রাখার জন্য মানুষকে ধন্যবাদও দেন তিনি।

উপত্যকায় শান্তি ফেরাতে জম্মু-কাশ্মীরের সংবিধান প্রদত্ত বিশেষ অধিকার ৩৭০ ধারা রদ করেছে কেন্দ্র। ফলে এখন থেকে ভারতের মূল ভূখণ্ডের মতোই সুযোগ-সুবিধা পাবে তারা। কেন্দ্রীয় সিদ্ধান্ত হল, জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত রাজ্য হবে। লাদাখে কোনো বিধানসভা থাকবে না।