গ্রিসে ট্রেন লাইনচ্যুতে নিহত ৩

724

গ্রিসের উত্তরাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে রাজধানী এথেন্স থেকে ট্রেনটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে যাচ্ছিল।

পথে থেসালোনিকি থেকে ৩৭ কিলোমিটার দূরে অ্যাডেনড্রো শহরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে দোতলা একটি বাড়ির ভেতর ঢুকে পড়ে বলে জানিয়েছে রেলওয়ে কোম্পানি ট্রেনোসি।

ট্রেনটিতে ৭০ জন যাত্রী ও পাঁচ জন ক্রু ছিল বলে জানিয়েছে কোম্পানিটি। ট্রেনটির অন্তত দুটি বগি একটি বাড়ির নিচতলার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অন্যান্য বগিগুলো লাইনচ্যুত হয়ে পাশে পড়ে, সেগুলোর জানালা চূর্ণ হয়ে যায়। কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা পরিষ্কার নয়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি একটি অদ্ভুত শব্দ শোনার পর তাকিয়ে ট্রেনটিকে তার প্রতিবেশীর বাড়ির দেয়াল ভেঙে ঢুকে যেতে দেখেছেন।

আহতদের তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ট্রেনোসি।

ঘটনাস্থলে দমকলের অন্তত দুই ডজন ট্রাক উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলে জানা গেছে।