আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক দুটি হামলায় অন্তত ১০ সেনা নিহত হয়েছেন।
শনিবার আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় সামরিক বাহিনীর একটি গাড়িতে চোরাগোপ্তা হামলায় ছয় সেনা নিহত হন। রয়টার্স
পাকিস্তান সামরিক বাহিনীর বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, ওই হামলার কয়েক ঘণ্টা আগে শুক্রবার বেলুচিস্তানপ্রদেশে আধাসামরিক বাহিনীর একটি টহল দলের ওপর চোরাগোপ্তা হামলা চালায় অজ্ঞাত জঙ্গিরা। এ ঘটনায় চার কর্মকর্তা নিহত হন।
শুক্রবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন স্বীকার না করলেও ইতিমধ্যে শনিবারের চোরাগোপ্তা হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
এদিকে এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, সীমান্তের অপর পাশ থেকে সন্ত্রাসীরা উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের গুরবাজ এলাকায় সৈন্যদের একটি টহল দলের ওপর গুলিবর্ষণ করেছে।
পাক সেনাবাহিনীর এমন দাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে আবারও অভিযোগ আনল পাকিস্তান।
দুই দেশের মধ্যে এমন অভিযোগ নিয়মিতই চলছে। তালেবান জঙ্গিদের সমর্থন দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করছে আফগানিস্তান।
অন্যদিকে আফগানিস্তানের যুদ্ধে তারাও ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।















