ঢাকা সংবাদদাতা: কুষ্টিয়ার ভেড়ামারায় নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
শুক্রবার সকালে গোলাপনগর গোপিনাথপুর হাড্রিঞ্জব্রিজসংলগ্ন রেললাইনের পাশের আঁখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নাসিমা দৌলতপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রামের মবিদুল ড্রাইভারের স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ভেড়ামারা থানার ওসি খবির আহমেদ জানান, আঁখক্ষেতে সকালে একদল কৃষক কাজ করতে গেলে মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা জানা যায়নি। নিহতের পরিবারও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।















