জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন না আমাকে : প্রধানমন্ত্রী

805

ঢাকা সংবাদদাতা: জনগণকেই নিজের শক্তি ও অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে জনগণের থেকে বিচ্ছিন্ন না করেন। তিনি বলেন, ‘তারাই (জনগণ) আমার কাছে সবকিছু। তারা আমার শক্তি ও প্রেরণার উৎস। তাই আমি এএসএফ সদস্যদের বলতে চাই, আমি যেন জনগণের থেকে বিচ্ছিন্ন না হই, তা নিশ্চিত করবেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার (১৫ জুলাই) বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত ‘দরবারে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের জন্যই রাজনীতি করি। সেই জনগণের সঙ্গেই যদি না থাকতে পারি, তাদের পাশে যদি না থাকতে পারি, তাহলে এ জীবন অর্থহীন। সেই জীবন আমি চাই না।’ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জনগণই তার জীবনীশক্তি হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি। এসএসএফ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যেন এটা মনে রাখে, সেই আহ্বান জানান শেখ হাসিনা।

সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত এসএসএফ এই দরবারের আয়োজন করে। দরবারে স্বাগত বক্তব্য রাখেন এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে এসএসএফের বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী, তিন বাহিনীর প্রধানগণ এবং জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।