ইরানের পাশে থাকার ঘোষণা বাশার আল আসাদের

322

আন্তর্জাতিক ডেস্ক: যেকোনো হুমকি মোকাবেলায় ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতিবিষয়ক বিশেষ সহকারী আলী আসগার খাজির সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

বাশার আল আসাদ বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ওপর সৃষ্টি করা যেকোনো চাপ ও হুমকি প্রতিহত করার কাজে তেহরানের পাশে থাকবে দামেস্ক। এ সময় সিরিয়ার ইদলিব থেকে বিদ্রোহীদের দমনে ইরানের সহযোগিতা চান তিনি।

সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আলী আসগার খাজি ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা সম্পর্কে প্রেসিডেন্ট আসাদকে অবহিত করেন।

সিরিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠতার বিষয়ে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতিবিষয়ক বিশেষ এ সহকারী বলেন, সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন এবং দেশটির পুনর্গঠন প্রক্রিয়ায় শেষ পর্যন্ত দামেস্ককে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে ইরান।

সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠকে উপস্থিত ছিলেন সিরিয়ার প্রেসিডেন্টের রাজনৈতিক ও গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা বাসিনা শাবান, উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এবং সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক মহাপরিচালক শফিক দাইয়ুব।

প্রসঙ্গত ২০১১ সালে সিরিয়ায় আসাদ সরকারের পতনের দাবিতে বিরোধীরা আন্দোলনে নামলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। সেই সুযোগে দেশটিতে অস্থিরতা তৈরি করতে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী দেশ ইসরাইলের প্ররোচনা ও সহায়তায় সিরিয়ায় জন্ম নেয় ইসলামী স্টেট (আইএস) নামে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনটির।

বর্তমানে দেশটি আইএস হলেও কয়েকটি স্থানে এখনও বিদ্রোহীরা শক্ত অবস্থানে আছে। ওই সব এলাকা মুক্ত করতে এখনও হামলা চালিয়ে যাচ্ছে বাশার সরকারের অনুগত বাহিনী। আসাদ বাহিনীর বিরুদ্ধে বিরোধীদের ওপর ব্যাপক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।