ঢাকা সংবাদদাতা: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা মন্তব্য করে বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে বেশকিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়া অস্বাভাবিক হলেও গেজেট প্রকাশের পর এ নিয়ে কিছু করার নেই।
রোববার রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তার এ মন্তব্য আসে।
হুদা বলেন, ভোটের পরপরই গেজেট আকারে ফল প্রকাশ হয়ে যায়। গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না। তাই খতিয়ে দেখার সুযোগ নাই। প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা যেহেতু এ বিষয়ে আগে কিছু জানাননি, তাই এখন ইসির কিছু করার নেই।
তিনি জানান, আদালতে মামলা করলে আদালত যদি নির্বাচন বাতিল করে, আবার নির্বাচন দিতে বলে সেটি আদালতের এখতিয়ার।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে ৪১ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ২১৩টিতে শতভাগ ভোট পড়েছে। ৯৯ শতাংশ ভোট পড়েছে ১২৭টি কেন্দ্রে। অন্যদিকে, ১০ শতাংশের কম ভোট পড়েছে ১১টি কেন্দ্রে।















