ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুস সালামকে নাশকতার ছয় মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।
পরে সাকিব মাহবুব বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা হয়। এ ছয় মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের পর তিনি ২৮ এপ্রিল আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এ ছয় মামলায় হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছেন। ফলে তাঁর জামিনে মুক্তিতে বাধা নেই।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানীর পল্টন এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেয় বিএনপি। এ সময় পল্টন থানার নাশকতার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় চলতি বছর উচ্চ আদালত থেকে জামিন নেন আবদুস সালাম। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে গত ২৮ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন সালাম। শুনানি শেষে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আজ হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন।















