ঢাকা সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।
নিহত হজরত আলী (৩৫) উপজেলার সাভার গ্রামের আব্দুর রহমানের ছেলে।
শুক্রবার রাত ১টার দিকে উপজেলার সাভার গ্রামের কমিউনিটি ক্লিনিকের পেছনে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করছে এমন খবর পেয়ে পুলিশের দুটি দল অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়।
‘একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় হজরত আলীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি কার্তুজ, ১৫ রাউন্ড গুলি, ৩০০ গ্রাম হেরোইন ও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত হজরতের বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।















