আন্তর্জাতিক ডেস্ক: সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক, ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দেশটির ১৬ কর্মকর্তাকে কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
তাদের কাউকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। সোমবার খাশোগি হত্যায় জড়িতদের এ তালিকা প্রকাশ করা হয়। খবর আনাদোলুর।
এদের মধ্যে সৌদি যুবরাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজকীয় আদালতের উপদেষ্টা সাউদ আল-কাহতানি ও মাহের মুর্তেব নামে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা খাশোগি খুনের নেতৃত্ব দেন বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া এ তালিকায় একজন চিকিৎসকও রয়েছেন। তার নাম ডা. সালাহ তুবেইগি। তার পরামর্শেই খাশোগির মরদেহ গুম করা হয় বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সৌদি সরকারের কড়া সমালোচক জামাল খাশোগিকে গত বছরের ২০ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর হত্যা করা হয়।
সরকারি আইনজীবীদের দাবি, জামাল খাশোগিকে বুঝিয়ে-শুনিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য কয়েকজন সৌদি এজেন্টকে ইস্তানবুল পাঠানো হয়েছিল। কিন্তু শৃঙ্খলাভঙ্গকারী ওই সৌদি এজেন্টরা তাকে হত্যা করেছে।
তুরস্ক ওই হত্যাকাণ্ডের জন্য ১৮ জনকে দায়ী করে বিচারের মুখোমুখি করতে তাদের হাতে তুলে দেয়ার জন্য দাবি জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষের কাছে।
খাশোগি হত্যার বিচার সম্পর্কে সৌদি সরকারি গণমাধ্যমেও খুব কমই তথ্য পাওয়া যাচ্ছে।















