ঢাকা সংবাদদাতা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে দুদিনের সফরে বুধবার ঢাকা আসছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই।
ঢাকা সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের দেয়া নৈশভোজে অংশ নেবেন থাই পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও থাই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।
থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই এর আগে ২০১৭ সালে ঢাকা সফর করেন। এছাড়া গত বছরের মে মাসে থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরন ঢাকা ও চট্টগ্রাম সফর করেন।















