লন্ডনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের পুনর্মিলনী অনুষ্ঠিত

561

ওয়ানবাংলানিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের উদ্যেগে যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার রমফোর্ডের মেফেয়ার হলে অনুষ্ঠিত এ আয়োজনে পরিবার নিয়ে আসা শিক্ষার্থীদের পদচারণায় সৃষ্টি হয়েছিল একখন্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। দিনব্যাপি এ অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র।

অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে “হৃদয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস“ শিরোনামে একটি স্মরণিকা। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান সংগঠনের সভাপতি সালেহ আহমেদের স্বাগত বক্তব্যের পর মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং বিশ্বব্যাপি সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিত ধর বাপ্পীর পরিচালনায় এ পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি একেএম ইয়্হাইয়া, ট্রেজারার মাসুক আহমেদ, আবদুল মুহিদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবন্দ। এরপর শুরু হয় স্মৃতিচারণ পর্ব।

কামরুন নাহার নিরু, এনায়েত সরোয়ার এবং শহিদুল ইসলাম সাগরের পরিচালনা অনুষ্ঠিত স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থী ফিরে যান বিশ্ববিদ্যালয়ের নস্টালজিক জীবনে। মধ্যাহৃভোজের পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান এবং কবিতা পরিবেশন করেন লাবনী বড়–য়া, অমিত, শায়েক আহমেদ সওদাগর এবং মোশতাক আহমেদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। শেষে র‌্যাফেল ড্রতে অতিথিরা জিতে নেন আকর্ষণীয় পুরস্কার।