প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেয়েছে লিটন-এনামুলরা। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নর্দার্ন টেরিটরি একাদশের বিপক্ষে ৭০ রানের জয় পেয়েছে বিসিবি এইচপি দল।
মারারা ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিং করা বিসিবি এইচপি দল নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সহ-অধিনায়ক শান্ত সর্বোচ্চ ১০১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া ইরফান শুক্কুর ৬০ ও এনামুল হক বিজয় ৫৮ রানের ইনিংস খেলেছেন।
এনটির হয়ে সেরা বোলার ড্যানিয়েল ম্যাকেল। তিনি ৬ ওভার বল করে নিয়েছেন ৪টি উইকেট।
৩১৪ রানের জবাবে খেলতে নেমে নর্দার্ন টেরিটরি ৪৫.৩ ওভারে ২৪৩ রানেই গুটিয়ে যায়। ফলে লিটনরা ৭০ রানের জয় পায়। স্বাগতিক দলের পক্ষে আগের ম্যাচে ৭৮ রানের ইনিংস খেলা জ্যাকব ডিকম্যান এই ম্যাচেও রান পেয়েছেন। তার ব্যাট থেকে আসে ১০৫ রানের ইনিংস।
এইচপির সেরা বোলার ছিলেন সাইফউদ্দিন। তিনি ৮ ওভার বোলিং করে ৩৬ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট।
টানা দুই ম্যাচ জিতে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে এইচপি দল। শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর-
বিসিবি এইচপি দল : ৩১৩/৭ (৫০ ওভার); নাজমুল হোসেন শান্ত ১০১, ইরফান শুক্কুর ৬০, এনামুল হক বিজয় ৫৮)
নর্দার্ন টেরিটরি একাদশ : ২৪৩/১০(৪৫.৩ ওভার) ; জ্যাকব ডিকম্যান ১০৫; সাইফউদ্দিন ৪/৩৬, ইবাদত হোসেন ৩/৩৫)















