ঘাতক বাস সুপ্রভাত বন্ধ, আবরারের নামে ফুটওভার ব্রিজ: মেয়র আতিকুল

556

ঢাকা সংবাদদাতা: প্রগতি স্মরণীতে সুপ্রভাত বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে ফুটওভার ব্রিজ নির্মাণে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।এছাড়া এই রুটে সুপ্রভাত পরিবহনের কোনো বাস চলবে না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে প্রগতি স্মরণীর নর্দায় দুর্ঘটনাস্থলে গিয়ে এই ঘোষণা দেন উত্তরের মেয়র।

আগামী দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। আন্দোলনরত শিক্ষার্থীদের ৮ দাবির মুখে তিনি এই ঘোষণা দেন।

এর আগে সকালে সড়ক পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হন।পরে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে বিইউপি’র শতাধিক শিক্ষার্থী।

মেয়র আতিকুল বলেন, শিক্ষার্থীদের দাবি খুবই যৌক্তিক। বিভিন্ন দাবির মধ্যে রয়েছে ঘাতক বাস চালকের ফাঁসির দাবি। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব ওই চালকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, রাজধানীতে সুপ্রভাত পরিবহনের বাস চলবে না। সুপ্রভাত পরিবহনের রুট পারমিট ও লাইসেন্স বাতিল করা হবে। ফিটনেসবিহীন বাস ও লাইসেন্স ছাড়া চালক রাস্তায় নামানোর জন্য সুপ্রভাত পরিবহনের মালিকের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।