মৌলভীবাজারে তিন ঘণ্টায় কেন্দ্রপ্রতি গড়ে ৩০-৩৫টি ভোট

433

সিলেট সংবাদদাতা: মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই জেলায় চেয়ারম্যান পদে ২০, ভাইস চেয়ারম্যান ৩৫ এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জনসহ মোট ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকালে মৌলভীবাজার সদর উপজেলার মধ্যকার পৌর এলাকার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, কেন্দ্রগুলো একেবারে ফাঁকা। পৌর এলাকার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি একেবারেই কম।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রগুলোতেও ভোটারের উপস্থিতি একেবারে কম বলে জানা গেছে। সকাল ১১টা পর্যন্ত পৌর এলাকার অনেক কেন্দ্র ঘুরে দেখা গেছে, এসব কেন্দ্রে গড়ে ৩০ থেকে ৫০টি ভোট পড়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে।

মৌলভীবাজার সদর উপজেলা, জুড়ী ও বড়লেখার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান। অন্যদিকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হক।

পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব মাঠে মোতায়েন করা হয়েছে। তার মধ্যে দুই হাজার পুলিশ, ছয় হাজার আনসার, ১৮ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দিচ্ছে।