ঢাকায় দুই সিটিতে ভোটের প্রচার শেষ মধ্যরাতে

717

ঢাকা সংবাদদাতা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বিভিন্ন পদে ভোটের প্রচার আজ মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে।

এ ছাড়া ভোট উপলক্ষে মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেলও বন্ধ থাকবে। পাশাপাশি আগামীকাল বুধবার ও ভোটের দিন বৃহস্পতিবার চলবে না বাস-কারসহ ইঞ্জিনচালিত যানবাহন। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি এ সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি সাধারণ ওয়ার্ডেও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া এখানে ছয়টি সংরক্ষিত নারী আসনেও কাউন্সিলর পদে ভোট হবে।

একই দিন দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে এবং ছয়টি সংরক্ষিত নারী আসনেও কাউন্সিলর পদে ভোট হবে।

২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দেয়। একই সঙ্গে দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডেও ভোটের তফসিল দেওয়া হয়।

কিন্তু নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করা হয়। ওই দুটি রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ জানুয়ারি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন।

প্রায় এক বছর পর গত ১৯ জানুয়ারি ওই নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেন আদালত। হাইকোর্টের রুল খারিজ করে দিয়ে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদউল্লাহর বেঞ্চ ওই আদেশ দেন। এরপর মেয়র পদে উপনির্বাচনে আর কোনো বাধা ছিল না। ফলে নির্বাচন কমিশন নতুন করে ভোটের তফসিল দেয়।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মুখলেছুর রহমান আজ মঙ্গলবার সকালে বলেন, ‘ভোটের ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ হয়ে যায়। সেই হিসেবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আজ মধ্যরাত থেকে প্রচার বন্ধ হবে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে দুই সিটিতে ভোট শুরু হবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম, জাতীয় পার্টির মোহম্মদ শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র মো. আবদুর রহিম।