ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে আরেক পরাজয়ে পড়তে পারেন মে

875

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রেক্সিট চুক্তি পরিবর্তনের জন্য পুনরায় আলোচনার পরিকল্পনা নিয়ে পার্লামেন্টে আরেক পরাজয়ের মুখে পড়তে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।
এমন হলে মে পরিবর্তিত চুক্তিটি অনুমোদন করিয়ে নিতে পারবেন বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যে আশ্বাস দিয়েছিলেন তা আর ধোপে টিকবে না।

টোরি ব্রেক্সিটপন্থিরাই মে’র সংশোধিত ব্রেক্সিট চুক্তির পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার পার্লামেন্টে প্রতীকী ভোটে সামিল হচ্ছেন এমপি’রা।

এর মধ্য দিয়ে মে ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রাসেলসের সঙ্গে তার পুনরায় আলোচনার পরিকল্পনায় নতুন করে সমর্থন আদায়েরই চেষ্টা করছেন। তাই এমপি’রা এ ভোটে বিদ্রোহ করলে আবার মুখ থুবড়ে পড়বে মে’র চেষ্টা।

সরকারি এক কর্মকর্তা বলেছেন, “এমপি’দের সমর্থন না পেলে সরকারের পক্ষে ব্যাকস্টপ এর বিষয়টিতে পরিবর্তন আনা কঠিন হয়ে পড়বে।”

যুক্তরাজ্য যাতে আয়াল্যান্ড সীমান্তের ‘ব্যাকস্টপের ফাঁদে’ আটকে না থাকে সে চেষ্টাই করছেন মে। ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকরের আগে এ বিষয়টির সুরাহা করতেই পার্লামেন্ট সদস্যদের সম্মতি দরকার মে’র।

কিন্তু মে’র নিজের দল এবং বিরোধীদলেরও অনেক এমপি’র অভিযোগ, মে কেবল সময় নষ্ট করছেন, যাতে ব্রেক্সিটের দিন ঘনিয়ে আসে। আর পার্লামেন্ট হয় মে’র চুক্তিকে সমর্থন করা নতুবা কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিটের পথে হাঁটতে বাধ্য হয়।

সূত্র: বিডিনিউজ