ঢাকা সংবাদদাতা: ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনসহ (আরসিবিসি ব্যাংক) কয়েকজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ক্ষতিপূরণ মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে, অর্থাৎ তিন বছর আগে অজ্ঞাত হ্যাকারদের কারণে ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরির এই ঘটনায় বৃহস্পতিবার মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট ম্যানহাটনে এই মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক।
বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মামলায় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও বড়মাপের ও জটিল পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, নেস্টএগ ও ম্যাকট্রাক ম্যালওয়্যার ব্যবহার করে উত্তর কোরিয়ার হ্যাকাররা এই চুরি করে। নিউইয়র্কের আরসিবিসি ব্যাংকের শাখায় হ্যাকাররা প্রথমে এই অর্থ স্থানান্তর করে। পরে তা ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের শাখায় পাঠানো হয়।
এদিকে মামলা নিয়ে কোনো মন্তব্য করেনি রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন বা আরসিবিসি ব্যাংক।















