ঢাকা সংবাদদাতা: জঙ্গি, রাজাকার ও শোষণমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়তে ১৪ দলীয় জোট সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিল এবং থাকবে বলে মন্তব্য করেছেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, অনেকে ১৪ দলীয় জোট নিয়ে অনেক কিছু ভাবছেন যে, ১৪ দলীয় জোট থাকবে কি না? আমি বলতে চাই-১৪ দলীয় জোট ছিল, আছে এবং থাকবে। ক্ষমতার জন্য ১৪ দলীয় জোট গঠিত হয়নি, একটি আদর্শিক জোট হিসেবে গঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৯৭তম ঐতিহাসিক সলঙ্গা দিবস উপলক্ষে গণআজাদী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিরি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলীয় জোট জাতির পিতার স্বপ্নের দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। জোটের নেতাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। তাদের লক্ষ্য ঐক্যবদ্ধ থেকে রাজাকার ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়া।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম আরও বলেন, সরকার ও বিরোধী দল উভয়কেই হতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। এই লক্ষ্যেই সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের জোট ১৪ দলীয় জোটের নেতারা। সরকার পরিচালনায় কোনও ক্রটি-বিচ্যুতি হলে তা ধরিয়ে দিয়ে সতর্ক করা এবং পরাজিত অশুভশক্তি কোনও চক্রান্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেয়া।
৩০ ডিসেম্বরর নির্বাচনে বিশাল বিজয় হলেও স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনও আছে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, এই চক্রান্ত ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে চক্রান্ত মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, উপজেলা নির্বাচন যেহেতু স্থানীয় নির্বাচন তাই এখানে জোটগতভাবে কোনও প্রার্থী দেয়া হবে না। জোটের শরিকরা নিজ নিজ দল থেকে আলাদাভাবে অংশগ্রহণ করবেন।
গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের-জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ সহিদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।















