খেলাধুলা ডেস্ক: সকাল থেকে বৃষ্টি হয়েছে। আউটফিল্ড ভেজা রয়েছে। প্রথমদিকে এ উইকেটে শট খেলা সহজ হবে না। তবু আত্মঘাতী পথ বেছে নিচ্ছেন চিটাগং ভাইকিংস খেলোয়াড়েরা। একে একে যাওয়া-আসার মিছিলে যোগ দিচ্ছেন তারা। শেষ খবর পর্যন্ত ১৩ ওভার শেষে ৭০ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে বন্দরনগরীর দলটি। অলআউট হওয়া এখন যেন তাদের সময়ের ব্যাপার। এইমাত্র রানআউটে কাটা পড়লেন একপ্রান্ত আগলে রাখা মোহাম্মদ শেহজাদ।
সকাল থেকেই চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। কিছুটা থামায় মাঠে গড়ায় চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ। যাতে টস জিতে আগে ব্যাটিং নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে প্রথমে বোলিং শুরু করে ইমরুল কায়েসের কুমিল্লা। দুপুর দেড়টায় গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হয় ১০ মিনিট বিলম্বে। শুরু হতেই ফের বৃষ্টি হানা দেয়। ফলে খেলা বন্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পরই থামে বৃষ্টি। স্বাভাবিকভাবেই ফের শুরু হয় খেলা। ম্যাচের দৈর্ঘ্য ১ ওভার কমে আসে। তবে ব্যাটিং নেমেই বিপাকে পড়ে চিটাগং। পড়ে মোহাম্মদ সাইফউদ্দিনের পেস তোপে। এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাদমান ইসলামকে ফিরিয়ে প্রাথমিক ধাক্কা দেন তিনি। খানিক পর ইয়াসির আলিকে এভিন লুইসের ক্যাচ বানিয়ে ধাক্কাটা দ্বিগুণ করেন আ পেসার। এর রেশ না কাটতেই মুশফিকুর রহিমকে তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন ওয়াহাব রিয়াজ।
পরে নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন মোহাম্মদ শেহজাদ। তবে সেই প্রচেষ্টায় বেশিক্ষণ জ্বালানি জোগাতে পারেননি জাদরান। অযাচিতভাবে মেহেদী হাসানকে তুলে মারতে গিয়ে সাইফউদ্দিনকে ক্যাচ দিয়ে আসেন তিনি। পরে বল হাতে আতঙ্ক ছড়ান শহীদ আফ্রিদি। তার তোপের মুখে আস্থার প্রতিদান দিতে পারেননি ক্যামেরন ডেলপোর্ট। খামাখা তাকে তুলে মারতে গিয়ে শামসুর রহমানকে ক্যাচ দিয়ে আসেন তিনি। এর জের না কাটতেই পাকিস্তানি লেগস্পিনারের দুর্দান্ত কুইকারে সোজা বোল্ড হয়ে সিকান্দার রাজা ফিরলে বিপর্যয়ে পড়ে চিটাগং।
পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। আর ৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে কুমিল্লার অবস্থান দুইয়ে। একই পরিসংখ্যান চিটাগংয়েরও। তবে রান রেটে পিছিয়ে তৃতীয় দলটি।















