ঢাকা সংবাদদাতা: নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি সচিবালয়ে তার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রীর আস্থার বরখেলাপ হবে না। শিক্ষার সফলতা আরও সুসংগঠিত করার চেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নয়ন অব্যাহত থাকবে। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এসে কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন নবনিযুক্ত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
দীপুমনি বলেন, দেশে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ জায়গাতে টিম হিসেবে আমরা কাজ করবো। চ্যালেঞ্জ মোকাবিলায় মান উন্নয়নসহ স্বচ্ছতা জবাবদিহিতা দরকার। সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা থাকবে।
দীপুমনি বলেন, কোথাও কোনও পরিবর্তন, পরিবর্ধন করার প্রয়োজন হলে তা করবো।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, দায়িত্বশীল আচরণ করবো। ইশতেহার বাস্তবায়ন হবে আমাদের মূল লক্ষ্য।
দুপুরে দীপুমনি শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে তার কার্যালয়ে আসেন নতুন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে। সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এসময় উপস্থিত ছিলেন।
প্রথম কর্মদিবসে নতুন মন্ত্রী ও উপমন্ত্রীকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) ও মন্ত্রণালয়ের কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকেও মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।















