ঢাকা সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফলে মহাজোট ২৫৭টি, ঐক্যফ্রন্ট ৫টি আসনে বিজয়ী হয়েছে। ২২টিতে জাপা এবং অন্যান্য প্রার্থীরা ১৩টি আসনে জয়ী হয়েছেন।
এরফলে টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট ২০০৮, ২০১৪ সালের পর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইতিহাসের নতুন পাতায় জায়গা করে নিল।
অবশ্য এ নির্বাচনকে জালিয়াতির নির্বাচন বলছে ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন,‘এটাকে ভোট বলে না। ভোট জালিয়াতি, ভোট ডাকাতির চাইতেও কঠিন কোনও শব্দ থাকলে তা বলতে হবে। কারণ এসব পুরনো শব্দ। মানুষের মতো এবার ভোটও গুম করা হয়েছে।’ তারা এ নির্বাচনের ফল বাতিল করে পুনঃনির্বাচন দাবি করেছেন।
নির্বাচনে বেসরকারিভাবে ঐক্যফ্রন্টের বিজয়ীদের মধ্যে বগুড়া-৬ মির্জা ফখরুল ইসলাম আলমগী, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, রাজশাহী-২ আসনে মিজানুর রহমান, চাপাইনবাবগঞ্জ-২ আসনে হারুনুর রশীদ ও মৌলভীবাজার-২ আসনে সুলতান মনসুর আহমেদ রয়েছেন।
এ পর্যন্ত ২৫২ আসনের পূর্ণ ফল পাওয়া গেছে। এসব আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট-মহাজোটের, ঐক্যফ্রন্ট ও অন্যান্য প্রার্থীরা।















