বলিউড সুলতানের জন্মদিন আজ

784

বিনোদন ডেস্ক: হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা সালমান খান, যাঁকে বলিউড সুলতান, বিগ বসসহ নানা অভিধায় ভূষিত করেছেন ভক্তরা; আজ তাঁর ৫৩তম জন্মদিন। গত মধ্যরাতে নিজের খামারবাড়ি প্যানভেলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জন্মদিনের কেক কেটেছেন এই মহাতারকা।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সালমান। তাঁর পুরো নাম আবদুল রশিদ সেলিম সালমান খান। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, প্লেব্যাক শিল্পী ও টিভি ব্যক্তিত্ব। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে রাজত্ব করছেন তিনি। ফিল্মফেয়ার, জাতীয় চলচ্চিত্রসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। ভারতীয় সিনেমায় বাণিজ্যিকভাবে সফল অভিনেতাদের অন্যতম সালমান।

বেশ কয়েক বছর ধরেই এই ঐতিহ্য চলে আসছে, নিজের খামারবাড়িতে জন্মদিন পালন করছেন অসংখ্য ভক্ত-অনুরাগী আর চলচ্চিত্রপ্রেমীর হৃদয়ে স্থান করে নেওয়া খানদান পরিবারের সালমান।

সালমানের জন্মদিন উদযাপন শুরু হয় গতকাল থেকে। তাঁর বোন অর্পিতা খান শর্মার খামারবাড়িতে বন্ধুবান্ধবের উপস্থিতিতে আয়োজিত হয় বিশেষ পার্টি।

ঘড়িতে রাত ১২টা বেজে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় উল্লাস। সালমানের খামারবাড়িতে উপস্থিত হয়েছিলেন বলিউড তারকারা। অনিল কাপুর, ক্যাটরিনা কাইফ, কৃতী শ্যানন ও মৌনি রায় আগেই পৌঁছান। পরিবারের সদস্যদের মধ্যে এই উদযাপনে যোগ দেন সালমানের দুই ভাই সোহেল খান ও আরবাজ খান, বোন অর্পিতা খান শর্মা, বাবা সেলিম খান ও সালমা খান।