হঠাৎ মুখোমুখি শাহরুখ-প্রিয়াঙ্কা!

503

বিনোদন ডেস্ক: দীর্ঘ দীর্ঘদিন পর হঠাৎ দেখা হলো বলিউড সুপারস্টার শাহরুখ খান আর সদ্য বিবাহিত বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার!

এক যুগ আগে ২০০৬ সালে ‘ডন’ ও ‘ডন-২’ সিনেমায় যুগলবন্দি হয়েছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা। সে সময় বি-টাউনে চাউর হয়েছিল, প্রেম চলছে এই দুই অভিনেতার। তাঁদের প্রেম নিয়ে সে সময় কত গালগল্প ছড়িয়েছিল। যা হোক, বহু বছর মুখোমুখি হন না তাঁরা।

শোনা যাচ্ছে, ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি ও আনন্দ পরিমলের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ মুখোমুখি হন শাহরুখ-প্রিয়াঙ্কা।

ভারতের সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী মার্কিন গায়ক নিক জোনাসের হঠাৎই দেখা হয় শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খানের সঙ্গে। এ সময় তাঁরা ‘হাসেন ও কুশল বিনিময় করেন’।

ওই প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শী অভিনেতা বলেছেন, ‘আমি তাঁদের একবারও একে অন্যের সঙ্গে কথা বলতে দেখিনি। কিন্তু আমার ধরণা, এত সুন্দর অনুষ্ঠান, তা ছাড়া পিসি এখন মিসেস জোনাস; আর অবশ্যই সৌজন্যবোধ শাহরুখের ভেতর থেকেই আসা।’

গত মাসে বিয়ে করেন শাহরুখের ‘ওম শান্তি ওম’ সহ-অভিনেতা দীপিকা পাড়ুকোন। দীপিকার বিয়ে নিয়ে জিজ্ঞেস করা হলে তখন শাহরুখ বলেছিলেন, তিনি দীপিকার সঙ্গে ‘আলিঙ্গন’ করতে চান। এর পর তাঁকে প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তখন শাহরুখ কৌতুক করে বলেন, ‘আমিও বিয়ে করতে যাচ্ছি। আমি আপনাকে আমন্ত্রণপত্র পাঠাব। অভ্যর্থনার কার্ডও আপনাকে পাঠাব। মেহেদি অনুষ্ঠানেও আসবেন কিন্তু।’

ডেকান ক্রনিকলের ওই প্রতিবেদনে আরো বলা হয়, প্রিয়াঙ্কা চোপড়া তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহরুখ খানকে। আর তা ছিল ‘স্বতঃস্ফূর্ত উষ্ণ সৌজন্য’।

আগামী শুক্রবার মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘জিরো’। আনন্দ এল রাই পরিচালিত এ ছবিতে বামন বাউয়া সিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন খ্যাতিমান তারকা ববিতা কুমারীর চরিত্রে; যিনি মদারু, আছে খ্যাতির দম্ভ। আর ‘রব নে বানা দি জোড়ি’ তারকা আনুশকা শর্মাকে দেখা যাবে সেরিব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাইয়ের চরিত্রে। ত্রিভুজ প্রেমের গল্প এটি।

ইশা আম্বানির বিয়েতে অমিতাভ বচ্চন ও আমির খানের সঙ্গে শাহরুখ খানকেও অতিথিদের খাবার বিতরণ করতে দেখা যায়। শাহরুখ ও প্রিয়াঙ্কা দুজনের সঙ্গে রয়েছে আম্বানি পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সূত্র : হিন্দুস্তান টাইমস।