ঢাকা সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করতে বৃগস্পতিবার বৈঠকে বসবে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার সকাল ১১ টায় গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী ধানমণ্ডির অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঐক্যফ্রন্টের একটি সূত্রে জানা গেছে।
ইশতেহার প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করছে ঐক্যফ্রন্ট। এই কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করবে।
বিএনপিসহ কয়েকটি নিবন্ধিত ও অনিবন্ধিত দল নিয়ে গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে সাত দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ছিল তাদের ওই সাত দফার মধ্যে।
এসব দাবি নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দফা সংলাপে বসেছিলেন ঐক্যফ্রন্টের নেতারা। সেখানে কোনো সমঝোতা না হলেও তারা ‘আন্দোলনের অংশ হিসেবে’ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচন পোছানোর জন্য বুধবার নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করে ঐক্যফ্রন্ট। ওই বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মূল নেতা কামাল হোসেন আশ্বস্ত হওয়ার কথা বললেও ইসির নিরপেক্ষতা নিয়ে জোটের সবচেয়ে বড় দল বিএনপির সংশয় কাটেনি।
ড. কামালের গণফোরাম ও বিএনপি ছাড়াও আসম আবদুর রবের জেএসডি, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ এই জোটের নিবন্ধিত দল। এছাড়া মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য এবং সুলতান মো. মনসুর আহমেদের জাতীয় ঐক্যপ্রক্রিয়াও আছে ঐক্যফ্রন্টে। মতভিন্নতার কারণে অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা এখানে নেই।















