আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মহারাষ্ট্র রাজ্যের এক অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন।
মঙ্গলবার সকালে নাগপুর শহর থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে ওই অস্ত্র গুদামে এই বিস্ফোরণ হয়।
সেনা সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস পত্রিকাটি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটের দিকে খামারিয়া জাবালপুরের ওই অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
এ দিন সকালে অস্ত্রভাণ্ডারের বাইরে একটি মাঠে পুরনো বোমা নিষ্ক্রিয় করা হচ্ছিল। সে সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এদের দুজনের মরদেহ এমনভাবে পুড়ে গেছে যে, তাদের চেনা যাচ্ছে না।
গত দু বছরের মধ্যে ভারতে এটি দ্বিতীয় দফা বড় রকমের অস্ত্র বিস্ফোরণ। এর আগে ২০১৬ সালের মে মাসে অন্য এক বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস















