রাজধানীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

662

ঢাকা সংবাদদাতা: রাজধানীর কাফরুল ইব্রাহিমপুরে ছুরিকাঘাতে শাহজাহান রুবেল (৪৩) নামে একজনকে হত্যা করা হয়েছে। নিহত রুবেল পেশায় ব্যবসায়ী ছিলেন।

বুধবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় রুবেলকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল লক্ষীপুর রামগঞ্জ উপজেলায় দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত মহিবুল্লাহ সন্তান। বর্তমানে তিনি দুই সন্তান ও স্ত্রী রুবি আক্তারকে নিয়ে ইব্রাহিমপুর এলাকায় থাকতেন।

রুবেলের ছোট ভাই মেহেদি হাসান জানান, তার ভাই পেশায় ব্যবসায়ী। ইব্রাহিমপুরে তামান্না কমপ্লেক্স মার্কেটের নিচে রাহি পারটেক্স নামে একটি দোকানের মালিক ছিলেন তিনি।

তিনি আরো জানান, দোকান বন্ধ করে ইব্রাহিমপুরে গেদু মোল্লা রোড এলাকায় একটি মুদি দোকান থেকে দুধ কিনে বাসায় ফিরছিলেন রুবেল। পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এ ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, হত্যার বিষয়টি কাফরুল থানাকে অবগত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।