আমীর খসরুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ

1039

ঢাকা সংবাদদাতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

রোববার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী।

তিনি বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী রোববার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিকে আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আইসিটি আইনে করা মামলায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় ৭ অক্টোবর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

ওই দিন আদালতে আত্মসমর্পণ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী ফের জামিনের আবেদন করেন।

আদালত শুনানির জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেন। এ সময় আদালত ২১ অক্টোবর পর্যন্ত তার নেয়া হাইকোর্টের জামিন কার্যকর থাকবে বলে আদেশ দেন।