ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

562

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরীফ (৩২) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর ) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কনস্টেবল মো. শামীম হোসেন ও মো. সেলিম মিয়াও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শনিবার মধ্যরাতে ডিবির দুইটি দল শহরের কালিবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে। এসময় অজ্ঞাতনামা ৫-৬ মাদকবিক্রেতা ডিবি পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি আক্রমণ শুরু করে।

এ সময় ডিবি পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে শরীফকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি করে, নিহত শরীফ ‘চিহ্নিত মাদকবিক্রেতা’। সে ডাকাত দলেরও সদস্য। বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, মারামারি ও হত্যাসহ সাতটির বেশি মামলার পলাতক এবং ওয়ারেন্টভুক্ত আসামি।