ঢাকা সংবাদদাতা: গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলে চিত্রা নদীর উপর নির্মিত শেখ রাসেল সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
নড়াইল এলজিইডি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র বাস্তবায়নে শহরের পুরাতন ফেরীঘাটে ২৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ চিত্রা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৫ সালের ২০ এপ্রিল থেকে। নির্মাণের সময়সীমা ছিল ২০১৭ সালের জুন পর্যন্তু। মুল সেতুর দৈর্ঘ্য ১৪০ মিটার হলেও ফ্লাইওভারের মতো দেখতে ভায়াডাক্ট এর দৈর্ঘ্য ২৪০ মিটার। ভায়াডাক্ট দেখতে অনেকটাই ফ্লাইওভারের মতো হওয়ায় সেতুটি নড়াইলের শোভাবর্ধন করেছে। সেতুটি নির্মাণের দায়িত্বে ছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান এমবিইএল-ইউডিসি জেবি। ঠিকাদারী প্রতিষ্ঠানের আন্তরিক চেষ্টায় দ্রুত গতিতে চলায় সেতুটির নির্মান কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়। ২০১৭ সালের ২৬ শে মার্চ জনসাধারনের জন্য সেতুটি উন্মুক্ত করা হয়।
নড়াইল এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দার বলেন, সেতুটি চালু নির্মান হওয়ায় নড়াইলের তিনটি উপজেলার কয়েক লক্ষ মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।















