ঢাকা সংবাদদাতা:: দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে শিল্প ও বাণিজ্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটি করা হয়েছে, গুজব সন্ত্রাসের বিরুদ্ধে। এ আইন দুষ্টকে দমন ও শিষ্টকে পালনের জন্য। ডিজিটাল ক্রাইম হচ্ছে, তাহলে এর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে না? আপনার দেখেছেন সড়ক আন্দোলনের নামে যে ভয়াবহ গুজব ছড়ানো হয়েছে। এসব গুজব বন্ধ করতেই এ আইন।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের সঙ্গে নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির ঐক্যমত প্রসঙ্গে তিনি বলেন, পানি ও তেল একসাথে মেশে না। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না। যতোই আন্দোলনের কথা বলেন, কোন কাজ হবে না। যারা দশ বছরে দশ দিনও আন্দোলন করতে পারে না। আর কোনো দিন আন্দোলনে হবে না।
এদিকে পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পরিবহন আইনটি মাত্র হয়েছে। তবে বিধি প্রণয়ন করে আপনাদের দাবিগুলোর কথা মাথায় রেখে সমাধান করার চেষ্টা করবো।
আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ও আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।















