ঢাকা সংবাদদাতা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, অসুস্থতা নিয়েও এত রাজনীতি হতে পারে, বাংলাদেশের ইতিহাসে তা এই প্রথম দেখলাম।
তিনি বলেন, পাঁচজন ডাক্তার বলেছেন তার অবস্থা আশঙ্কাজনক নয়। তারপরও সেই রিপোর্টকে গ্রাহ্য না করা, গ্রহণ না করে যারা বক্তব্য দিচ্ছেন, তারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন।
খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি এবং পাঁচজন চিকিৎসকের প্রতিবেদন অস্বীকার করা নিয়ে এক প্রতিক্রিয়ায় অ্যার্টনি জেনারেল তার নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে সব সময়ই সচেতন, সব সময় তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কয়েকদিন আগে দেশের শীর্ষ কয়েকজন ডাক্তার তাকে দেখেছেন। এসব নিয়ে রাজনৈতিকভাবে বক্তব্য দেয়া অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক, এটা গ্রহণযোগ্য নয়। এদিকে দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের বিষয়ে শুনানি সোমবার ‘নট টুডে’ (আজ নয়) বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে মোট চার দিন মামলার বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ‘নট টুডে’ করেছেন বলে জানান আইনজীবীরা।















