ডুমুর পাতা দিয়ে লজ্জা ঢাকছেন সু চি

জাতিসংঘের কড়া সমালোচনা

895

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চির কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘ স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক সদস্য।

অস্ট্রেলিয়ার মানবাধিকার আইনজীবী ক্রিস্টোফার ডমিনিক সিডোটি বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে নির্মমতা মিয়ানমারের সেনাবাহিনী চালিয়েছে, তা ঢাকতে গিয়ে ‘লজ্জা নিবারণের ডুমুরপত্রে’ পরিণত করেছেন নোবেল বিজয়ী সু চি।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের ৪০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের আগে দ্য টেলিগ্রাফকে এক সাক্ষাৎকারে সোমবার তিনি এ কথা বলেন।
মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ওই প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে। সিডোটি বলেন, রাখাইনে সহিংসতা থামাতে ব্যর্থতার দায় মিয়ানমারের নেত্রী সু চি এড়াতে পারেন না।

নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন স্থাপনায় একযোগে হামলার পর গত বছর ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর ওই দমন অভিযান শুরু হয়।

তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আগস্টের শেষে তাদের ২০ পৃষ্ঠার যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে, সেখানে নৃশংস সেই দমন অভিযানের ভয়াবহতার চিত্র উঠে আসে।
প্রতিবেদনে মিয়ানমারের সেনাপ্রধান ও জ্যেষ্ঠ পাঁচ জেনারেলকে বিচারের মুখোমুখি করারও সুপারিশ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

এই মিশনের নেতৃত্ব দেন ইন্দোনেশিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল মারজুকি দারুসমান। সদস্য হিসেবে আরও ছিলেন শ্রীলঙ্কার আইনজীবী নারী অধিকার বিশেষজ্ঞ রাধিকা কুমারস্বামী।