ঢাকা সংবাদদাতা: ৯ম থেকে ১৩তম গ্রেডের (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে এ কথা জানান তিনি। মন্ত্রিসভা অনুমোদন দিলে আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আদালতের বিদ্যমান রায়ে কোটা সংস্কার বা বাতিলে কোনো প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানী সহ সারাদেশে জোরালো আন্দোলন শুরু হলে গত ১১ এপ্রিল সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৩ জুলাই সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার।
মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন এই কমিটির অন্য সদস্যরা হলেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব।















