আফগান বাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত পাকিস্তান: কুরাইশি

393

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি প্রতিষ্ঠানে আফগান পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকেও গুরুত্ব দেন তিনি।

আফগানিস্তানে নিজের প্রথম সফরে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে দেখা করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন রাব্বানির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন তিনি।

কুরাইশি আফগান নেতৃবৃন্দকে বলেন, ইসলামাবাদের নতুন সরকার আফগানিস্তানের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছে। বাণিজ্য ক্ষেত্রে সেই সম্পর্ককে আরও গভীর করতে আগ্রহী তারা।

এ সময় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন কুরাইশি। দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের ঘন ঘন বৈঠকের ওপরও জোর দেন তিনি। এতে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপাড়া বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পাঠানো চিঠি আশরাফ ঘানিকে দেন কুরাইশি। পাকিস্তানের পক্ষ থেকে আফগান জনগণকে উপহার দেয়া ৪০ হাজার টন গুমের প্রথম চালানও হস্তান্তর করা হয়েছে।