একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গাইবান্ধার হাসিনা

674

ঢাকা সংবাদদাতা: একই সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন গাইবান্ধা জেলা সদরের গৃহবধূ হাসিনা আক্তার পপি (২৮)। শুক্রবার দুপুরে রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন।

হাসিনা আক্তার পপি গাইবান্ধা সদর উপজেলার সিংহপুর গ্রামের মহসীন আলীর স্ত্রী। মহসীন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন।

হাসপাতালের গাইনি চিকিৎসক লায়লা হাসনা বানু বলেন, শুক্রবার সকালে প্রসব বেদনা উঠলে তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার করলে পরপর চার সন্তানের জন্ম হয়।

পপির বড় ভাই মোস্তাকিন রহমান শিশির জানান, ৮ বছর আগে তার বোনের সঙ্গে মহসীন আলীর বিয়ে হয়। মহসীন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। বিয়ের পর এই প্রথম তাদের এক সঙ্গে চার সন্তানের জন্ম হয়। এতে পরিবারের সকলেই খুশি।

বর্তমানে চার সন্তান ও প্রসূতি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক লায়লা হাসনা বানু।