ঢাকা সংবাদদাতা: রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাবালে নূর পরিবহনের মালিকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, অভিযোগপত্রে জাবালে নূরের মালিক মো. শাহাদত হোসেন, বাসচালক মাসুম বিল্লাহ, জোবায়ের ও সোহাগ আলীমকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া চালকের সহকারী এনায়েত হোসেন ও রিপন হোসেনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।
গত ২৯ জুলাই নিহত শিক্ষার্থী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীমের বাবা জাহাঙ্গীর আলম রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন।
নথি থেকে জানা যায়, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সামনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভারের শেষ প্রান্তে দুই বাসচালকের রেষারেষিতে প্রাণ হারায় দুই কলেজছাত্র। তারা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।















