আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ওপর দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে আমেরিকার বন্য নেকড়ের আচরণ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান। রবিবার কিরগিস্তানে এক ব্যবসায়ী সংগঠনের সাথে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।
এরদোগান বলেন, এখন থেকে আন্তর্জাতিক লেনদেনে তুরস্ক আর মার্কিন ডলার ব্যবহার করবেনা। রাশিয়া এবং তুরস্ক কিভাবে মার্কিন ডলার ব্যবহার বন্ধ করা যায় সে ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনা করছে।
এ সময় তিনি বলেন, আমাদের নিজস্ব এবং জাতীয় মুদ্রা ব্যবহার করে ধীরে ধীরে মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য বন্ধ করে দিতে হবে।
এরদোগান আরও বলেন, আমেরিকানদের ব্যবহার বন্য নেকড়ের মতো। তাদের বিশ্বাস করবেন না। তাদের ডলারের ব্যবহার শুধু আমাদের ক্ষতিই করে। আমরা ছেড়ে দিব না। আমাদের জয় হবেই।
তুরস্ক এবং রাশিয়া উভয়ই এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এই বছরের শুরুতেই তুরস্কের জাতীয় মুদ্রা লিরার দাম কমতে থাকে। বিশেষ করে গত মাসে ডলার অপেক্ষায় লিরার দাম প্রায় ৪০ শতাংশ কমে যায়।
উল্লেখ্য, গত আগস্ট মাসে আমেরিকান খিষ্টান ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনের বিরুদ্ধে সন্ত্রাসের সাথে জড়িত থাকার দায়ে তুরস্কের একটি আদালতে অভিযোগ গঠন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কি সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর হুমকি দেন। এরপরই আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক বাজারে আতঙ্ক দেখা দেয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্ক পরস্পরের ওপর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন যুক্তরাষ্ট্র তিনজন তুর্কি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে এরদোগান সরকারও আমেরিকার তিনজন মন্ত্রীর ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে তুর্কি অ্যালুমিনিয়ামের ওপর ২০ শতাংশ এবং স্টিল পণ্যের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক জারি রয়েছে।















