আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের যে কোন আদালতের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে ইতিহাসে নাম লেখালেন সাইয়েদা তাহিরা সফদার। বেলুচিস্তান হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করলেন তিনি। ২০১৯ সালের ৪ অক্টোবর পর্যন্ত তিনি নিযুক্ত থাকবেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
খবরে বলা হয়, শনিবার বেলুচিস্তান গভর্নর ভবনে মুখ্যমন্ত্রী জ্যাম কামাল খানের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন গভর্নর মোহাম্মদ খান আচাখজেই। এতে উচ্চ আদালতের বিচারক ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সাবেক বিচারপতি মোহাম্মদ নূর মুসকানজাইয়ের পর তাহিরা সফদার ছিলেন বেলুচিস্তান হাইকোর্টের সবচেয়ে জ্যেষ্ঠ আইনজীবী। বেলুচিস্তানের দেওয়ানি আদালতের প্রথম নারী বিচারক হিসেবেও নিয়োগ পান তিনি।
তাহিরা সফদার ১৯৫৭ সালের ৫ অক্টোবর দেশটির কোয়েটা শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে তিনি কোয়েটা ইউনিভার্সিটি অব ল কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন।
২০০৯ সালের ১১মে স্থায়ী বিচারক হিসেবে শপথগ্রহণ করেন তিনি। ওই বছরের সেপ্টেম্বরে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবেও তিনি নিয়োগ পান। একইসঙ্গে বেলুচিস্তান সার্ভিস ট্রাইব্যুনালের চেয়ারপারসনের দায়িত্বও পালন করেন তাহিরা সফদার।
বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তাহিরা ১৫৭টি সাংবিধানিক পিটিশনের শুনানি গ্রহণ করেছেন।















