খালেদা জিয়া বলেছেন, দেশবাসী যেন সজাগ থাকেন: সাক্ষাৎ শেষে ফখরুল

511

ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রায় সাড়ে তিন মাস পর দেখা করার অনুমতি পেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেল ৪টায় নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন মির্জা ফখরুল। ঘণ্টাখানেক পর বেরিয়ে মুখোমুখি হন সাংবাদিকদের।

এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘না, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভাল না। আমি আগে যা দেখেছি তার চাইতে ভাল নয়। বরঞ্চ আমার কাছে মনে হয়েছে কষ্ট পাচ্ছেন একটু। মনোবল ধরে রাখতে বলেছেন এবং একইসঙ্গে তিনি বলেছেন, দেশের মানুষ যেন তাঁর জন্য দোয়া করেন।’

‘দেশবাসীর উদ্দেশে খালেদা জিয়া বলেছেন, তাঁরা যেন সজাগ থাকেন, সচেতন থাকেন। এবং গণতন্ত্রের জন্য তাদের যে সংগ্রাম তা যেন অব্যাহত রাখেন’, যোগ করেন বিএনপির মহাসচিব।

এ বছর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।