সাদা পোষাকের পুলিশের হাতে চরমপন্থী নেতা নিহত

488

ঢাকা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা মাঠ থেকে চরমপন্থী নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম বারী হকের (৪৫), সে পাশের নতিপোতা গ্রামের পচু শেখের ছেলে। নিহত ব্যক্তির পরিবারের দাবি, সাদাপোশাকের পুলিশ তাঁকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, চরমপন্থীদের অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে বারী হক খুন হতে পারেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, সকাল ৮টার দিকে এলাকাবাসীর কাছে খবর পেয়ে ছালাভরা মাঠ থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি দাবি করেন, নিহত বারী হক চরমপন্থী রুহুল বাহিনীর সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানাসহ আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে নিহতের স্ত্রী আনজিরা খাতুন বলেন, শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে করিমপুর এলাকা থেকে সাদাপোশাকে পুলিশ বারী হককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। সকালে তাঁর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

তবে ওসির দাবি, বারী হককে সাদাপোশাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি অবগত নন।