আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা বন্দুকধারীরা। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আল জাজিরা জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে আঙ্কারায় ওই হামলার ঘটনা ঘটে। দূতাবাসের সামনে একটি গাড়ি থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় বন্দুকধারীরা। এসময় নিরাপত্তা কেবিনের একটি জানালায় গুলি লাগে। এতে জানালার কাচ ভেঙে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। রমজানের কারণে চলতি সপ্তাহে দূতাবাসে ছুটি চলছিল। তাই তখন সেখানে প্রহরী ছাড়া আর কেউ উপস্থিত ছিল না।
এদিকে হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বেরাচ্ছে পুলিশ। তারা ঘটনাস্থল থেকে কিছু কার্তুজ উদ্ধার করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটলো যখন মার্কিন যাজককে আটকের ঘটনা নিয়ে তুরস্ক ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। মার্কিন সরকার তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর মার্কিন আইনমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞার হুমকি দেন এরদোগান। এরপর গত শুক্রবার তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে দ্বিগুণ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আল জাজিরা















