কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, ৪ স্কুলছাত্র আটক

435

ঢাকা সংবাদদাতা: ময়মনসিংহের হালুয়াঘাটে নাফিয়াল নাজরান নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। নিহত নাজরান গৌরীপুর সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মনিকুড়া গ্রামের নাজমুল হাসানের ছেলে।

এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। তারা হল সিয়াম, সোলায়মান, অয়ন ও হিমেল। তারা সবাই সেন্ট এন্ড্রজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো .জাহাঙ্গীর আলম তালুকদার।

তিনি জানান, উপজেলার মনিকুড়া গ্রামের দিনাজপুর মেডিকেল কলেজ পড়ুয়া ঋতু নামে এক ছাত্রীর ফেসবুক আইডির একটি পোস্টে অশ্লীল মন্তব্য করে একই এলাকার হালিমের ছেলে সুমন (১৬)। বিষয়টি ঋতু তার খালাতো ভাই নাফিয়াল নাজরানকে জানায়। সুমনের কাছে বিষয়টির প্রতিবাদ করে নাজরান। এতে ক্ষুব্ধ হয়ে সুমন তার ১৪-১৫ জন বন্ধুবান্ধব নিয়ে শুক্রবার রাত ৮টার দিকে নাজরানকে ধরে সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে নিয়ে গিয়ে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শনিবার ভোর ৫টায় হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। নাজরানের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।