লন্ডনে মুসল্লিদের উপর ভ্যানগাড়ী দিয়ে সন্ত্রাসী হামলা: ১ মুসল্লি নিহত

3727

ওয়ানবাংলা নিউজ: লন্ডনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের ওপরে উঠিয়ে দেওয়া হয় ভ্যানগাড়ি। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০জন। গুরুতর আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে সংবাদ সংস্থা রয়টার্স। তবে ১জনের কথা নিশ্চিত করেছে বিবিসি।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের উত্তরাঞ্চলে ফিনসবেরি পার্ক এলাকার সেভেন সিস্টার্স রোডে এ ঘটনা ঘটে।

ব্রিটেনের মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিরা ফিনসবেরি পার্ক মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন। তখন একটি গাড়ি তাঁদের ওপরে উঠে যায়। এতে অনেকেই আহত হন।

ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ।

এ বিষয়ে এক নারী প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘জানালা থেকে আমি মানুষের আর্তনাদ শুনতে পাই। সবাই চিৎকার করছিল। একটি ভ্যানগাড়ি লোকজনকে ধাক্কা দেয়।’

‘একটি সাদা ভ্যানগাড়ি ফিনসবেরি পার্কের পাশে দাঁড়িয়ে ছিল। মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে ভ্যানটি মুসল্লিদের চাপা দেয়। আমি হামলাকারীকে দেখিনি। কিন্তু তাকে আটক করা হয়েছে। আমি শুধু গাড়িটি দেখেছি।’

এর আগে গত ৩ জুন লন্ডন ব্রিজের কাছে একটি মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে আটজন নিহত হন। আহত হন কমপক্ষে ৫০ জন।