বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা!

977

ঢাকা সংবাদদাতা: রাজধানীর হাজারীবাগ পার্ক এলাকায় মারুফা আক্তার চাঁদনী (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।

স্বজনরা জানান, গতকাল রোববার রাতে গলায় ফাঁস দেন চাঁদনী। মূমূর্ষ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত চাঁদনীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। বিয়ের পর পরিবারের সঙ্গে হাজারীবাগ পার্ক মানিক বাবুর ঢাল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত চাঁদনীর বাবা শাহাবুদ্দিন জানান, তিন মাস আগে ইমরান নামের এক ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় চাঁদনীর। বিয়ে হলেও পরিবারের ইচ্ছা অনুযায়ী চাঁদনী বাবা-মার কাছে থাকতেন।

বাবা বলেন, ‘বিভিন্ন কারণে স্বামী সঙ্গে ঝগড়া হতো চাঁদনীর। রাতে আমাদের ওপর রাগ করে বাসা থেকে বেরিয়ে যাওয়া চেষ্টা করে। এতে আমি বাবা হিসাবে তাকে শাসন করি ও তার গালে একটা চড় দেই। এই অভিমানে মেয়ে আমার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল হাসপাতালের (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।